পুলিশি অভিযানে £৬,০০০ মূল্যের নকল পণ্য ও স্কুল থেকে চুরি হওয়া পাঁচটি ল্যাপটপ উদ্ধার
টাওয়ার হ্যামলেটসে মোবাইল ফোন-সংক্রান্ত অপরাধ দমনে পরিচালিত একটি বিশেষ পুলিশি অভিযানে £৬,০০০-এরও বেশি মূল্যের নকল পণ্য এবং একটি স্কুল থেকে চুরি হওয়া পাঁচটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এই অভিযানে মেট্রোপলিটন পুলিশের স্থানীয় নেবারহুড পুলিশিং টিমের সঙ্গে যৌথভাবে কাজ করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ট্রেডিং স্ট্যান্ডার্ডস কর্মকর্তারা।
সেপ্টেম্বরে পরিচালিত এই জাতীয় অভিযানের অংশ হিসেবে পুলিশ ও কাউন্সিল কর্মকর্তারা গোয়েন্দা তথ্যভিত্তিক টহল, সাদাপোশাকে অভিযান, মোবাইল ফোন ছিনতাই প্রতিরোধমূলক কার্যক্রম এবং অবৈধ ই-বাইক ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এছাড়া ব্যবহৃত মোবাইল ফোন কেনাবেচা করে এমন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও যৌথ পরিদর্শন চালানো হয়।
অভিযানে উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে:
২৯টি দোকানে পরিদর্শন
২৯১টি মোবাইল ফোনের IMEI নম্বর পরীক্ষা
১টি চোরাই মোবাইল ফোন উদ্ধার
তদন্তের জন্য ৩টি ফোন জব্দ
৩ জনকে গ্রেপ্তার
৬০ প্যাকেট ক্লাস ‘এ’ মাদক উদ্ধার এবং একজনের বিরুদ্ধে মাদক সরবরাহের অভিযোগে মামলা
একটি স্কুলে চুরির ঘটনায় নেওয়া ৫টি ল্যাপটপ উদ্ধার
£৬,০০০-এর বেশি মূল্যের নকল পণ্য জব্দ, যার মধ্যে ছিল মোবাইল ফোনের কেস ও অ্যাকসেসরিজ, শিশুদের ব্যাগ ও কী-রিং, অনিরাপদ আন্তর্জাতিক ট্রাভেল অ্যাডাপ্টার এবং অবৈধ তামাকজাত পণ্য
অবৈধ সিগারেট জব্দ
বিপুল পরিমাণ
মাদক-সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার এবং একটি দোকানের মালিকের বিরুদ্ধে তদন্ত শুরু
অবৈধ ই-বাইকের বিরুদ্ধে অভিযানে ৫টি ই-বাইক ও
১টি স্কুটার জব্দ, ৫ জন চালকের বিরুদ্ধে ব্যবস্থা এবং ১ জনকে গ্রেপ্তার
পূর্বে সংঘটিত অপরাধের সঙ্গে জড়িত ৮ জন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে।
কাউন্সিলের পাবলিক প্রোটেকশন অ্যান্ড ইন্টিগ্রেটেড এনফোর্সমেন্ট বিষয়ক কেবিনেট মেম্বার, কাউন্সিলর কবির আহমদ বলেন, কাউন্সিল ও পুলিশ একসঙ্গে কাজ করে নিশ্চিত করছে যে, যারা টাওয়ার হ্যামলেটসে অপরাধ করছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। তিনি সফল এই অভিযানের জন্য পুলিশ ও কাউন্সিল কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
এই অভিযান আবারও প্রমাণ করেছে যে, স্থানীয় সংস্থাগুলোর যৌথ উদ্যোগ অবৈধ ব্যবসা, চোরাই পণ্যের বেচাকেনা, মাদক অপরাধ এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে।























