লন্ডনে ইউনিভার্সাল আইডিয়াল কলেজের জরুরি সভা অনুষ্ঠিত
দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা
যুক্তরাজ্যের লিটলহ্যাম্পটনের (Littlehampton, BN16 1NN) রিমা বেঙ্গলি কুইজিনে ইউনিভার্সাল আইডিয়াল কলেজের উদ্যোগে গত ১২ অক্টোবর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কলেজের সার্বিক কার্যক্রম, বর্তমান অবস্থা, উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়।
কলেজের ভূমিদাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব মিম্বর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন রিমা বেঙ্গলি কুইজিনের স্বত্বাধিকারী আবু বকর সিদ্দিক ফয়সল। সভা পরিচালনা করেন কলেজের ট্রাস্টি কয়েস আহমদ লিটন।
সভায় উপস্থিত ছিলেন কলেজের ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুর রশিদ বাবুল, কয়েস আহমদ লিটন, আখলাকুর রহমান (লকু), শাহান চৌধুরী ও নাসিরুদ্দিন। এ ছাড়া কলেজের অন্যতম ট্রাস্টি ও যুক্তরাষ্ট্রপ্রবাসী জনাব মোহাম্মদ মনসুর ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন। কলেজের দাতা সদস্য শেবুল ইসলামসহ দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।
সভায় ইউনিভার্সাল আইডিয়াল কলেজের প্রতিষ্ঠার ইতিহাস, বর্তমান কার্যক্রম, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কলেজের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে ট্রাস্টি, দাতা সদস্য ও কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি জনাব আব্দুর রশিদ বাবুল, সাধারণ সম্পাদক জনাব শেবুল ইসলামসহ নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে ইউনিভার্সাল আইডিয়াল কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। তাঁদের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে কমিউনিটির কল্যাণে তাঁদের নেতৃত্ব ও কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
সভাটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সভা শেষে রিমা বেঙ্গলি কুইজিনের স্বত্বাধিকারী আবু বকর সিদ্দিক ফয়সলের সৌজন্যে উপস্থিত অতিথিদের আপ্যায়ন করা হয়। তাঁর আন্তরিক আতিথেয়তার জন্য উপস্থিত সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কলেজের সার্বিক উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন এবং কমিউনিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি জোরদারের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।























