মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
Tuesday , 29 September 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৯, ৩০ জানুয়ারি ২০২৬

মোবাইলে গান শোনার কারণে মা-মেয়েকে হত্যা, প্রতিবেশী গ্রেফতার

মোবাইলে গান শোনার কারণে মা-মেয়েকে হত্যা, প্রতিবেশী গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোবাইল ফোনে উচ্চশব্দে গান শোনাকে কেন্দ্র করে ঝগড়া, তারপর হত্যাকাণ্ড—এই কাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। প্রতিবেশী আলী হোসেন (২৮) মা আমেনা বেগম (৩২) ও তার ৮ বছরের মেয়ে মরিয়মকে পিটিয়ে হত্যা করার দায় স্বীকার করেছেন।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নিজ সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ১৯ জানুয়ারি সকালে সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর এলাকায় একটি ভাড়া বাসার কক্ষে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। নিহত আমেনার মা মনোয়ারা বেগম সিরাজদিখান থানায় হত্যা মামলা করেন।

পুলিশ জানায়, ঘটনার পর আলী হোসেন মুন্সীগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। টানা ১০ দিনের অনুসন্ধানের পর ২৮ জানুয়ারি রাত পৌনে ১০টার দিকে তাকে গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ব্রিজসংলগ্ন পাখির মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় হত্যায় ব্যবহৃত কাঠের ডাসাও উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আলী হোসেন পুলিশকে জানান, মোবাইল ফোনে উচ্চশব্দে গান শোনার কারণে তিনি বিরক্ত হয়ে হত্যা করেছেন। ঘটনার দিন সকালে আমেনা বেগম ভিডিও দেখছিলেন। শব্দ কমাতে বলাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আলী হোসেন কাঠের ডাসা দিয়ে আমেনার মাথায় আঘাত করেন। মেয়ে মরিয়ম এগিয়ে এলে তাকেও একইভাবে হত্যা করা হয়।

পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, “গ্রেফতার ব্যক্তি নিয়মিত মাদক সেবন করতেন এবং ভবঘুরে জীবন যাপন করতেন। ঘটনার পর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। প্রাথমিক তদন্তে তার সহিংস আচরণের প্রমাণ পাওয়া গেছে।”

আলোচিত খবর