লন্ডনের আদালতে বাংলাদেশ সেন্টারের পক্ষে গুরুত্বপূর্ণ রায়
লন্ডনের রয়্যাল কোর্টস অফ জাস্টিস (Royal Courts of Justice) আজ বাংলাদেশ সেন্টার লন্ডনের ম্যানেজমেন্ট কাউন্সিলের বিরুদ্ধে দায়ের করা নিষেধাজ্ঞা (Injunction) সংক্রান্ত মামলার খরচ বিষয়ে এক ঐতিহাসিক রায় প্রদান করেছে।
আজ সন্ধ্যায় বাংলাদেশ সেন্টার লন্ডনের ম্যানেজমেন্ট কাউন্সিলের পক্ষ থেকে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিংয়ে রায়ের বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সেন্টারের সাধারণ সম্পাদক তফজ্জুল মিয়া, ফার্স্ট ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, চীফ ট্রেজারার সামসুল ইসলাম সেলিম, ভাইস চেয়ারম্যান ড. সানোয়ার চৌধুরী, ড. শাহানুর খান, মামুন রশীদ, জুবের আহমদ। প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য দেন সেন্টারের যুগ্ম সম্পাদক ও মিডিয়া কমিটির আহবায়ক আলী বেবুল।
আদালত আবেদনকারী জবরুল ইসলাম ও কবির উদ্দিনের বিরুদ্ধে সেন্টারের আইনি লড়াইয়ের সিংহভাগ খরচ প্রদানের নির্দেশ দিয়েছেন, যার পরিমাণ শেষ পর্যন্ত £১০০,০০০ ( একশত হাজার পাউন্ড) ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মামলার প্রেক্ষাপট:
২০২৩ সালে দ্য বাংলাদেশ সেন্টারের ম্যানেজমেন্ট কাউন্সিলের নির্বাচনে দেলোয়ার হোসেনের নেতৃত্বে বর্তমান কমিটি আইনানুগভাবে বিপুল ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করে। উক্ত নির্বাচনে আবেদনকারী পক্ষ পরাজিত হয়। এর প্রায় দুই বছর পর, ২০২৬ সালের মে মাসে অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভা (AGM) ও নতুন নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে আবেদনকারীরা আদালতে একটি জরুরি নিষেধাজ্ঞার আবেদন করেন।
কিন্তু পরবর্তীতে গত ১১ মে ২০২৬ তারিখে তারা নিজেদের আবেদনটি প্রত্যাহার করে নিতে বাধ্য হন। ফলশ্রুতিতে, ১৭ মে ২০২৬ তারিখে বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অত্যন্ত সফল এবং আইনানুগভাবে সম্পন্ন হয়।
আদালতের খরচের নির্দেশ (Costs Orders):
আজকের শুনানিতে মহামান্য আদালত আবেদনকারীদের অনৈতিক ও অযৌক্তিক আচরণের তীব্র সমালোচনা করেন এবং তাদের বিরুদ্ধে দুটি পৃথক খরচের নির্দেশ জারি করেন:
১. £৩৮,০০০ অবিলম্বে পরিশোধের নির্দেশ:
মামলা শুরুর দিন থেকে ১১ মে ২০২৬ (আবেদন প্রত্যাহারের তারিখ) পর্যন্ত অন্তর্বর্তীকালীন আইনি খরচ বাবদ £৩৮,০০০ (আটত্রিশ হাজার পাউন্ড) আগামী ২৮ দিনের মধ্যে সরাসরি বাংলাদেশ সেন্টারকে পরিশোধ করার জন্য আবেদনকারীদের নির্দেশ দেওয়া হয়েছে।
২. ক্ষতিপূরণমূলক খরচ (Indemnity Costs):
১১ মে ২০২৬-এর পর থেকে আজকের শুনানি এবং এই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হওয়া পর্যন্ত সেন্টারের যাবতীয় যুক্তিসঙ্গত আইনি খরচ আবেদনকারীদের ‘ইন্ডেমনিটি বেসিস’ বা উচ্চতর ক্ষতিপূরণমূলক নিয়মে পরিশোধ করতে হবে।
আদালতের পর্যবেক্ষণ:
বিচারক তার রায়ে উল্লেখ করেন যে, ১১ মে তারিখে নিজেদের দাবি ও আবেদন প্রত্যাহার করে নেওয়ার পরেও আবেদনকারীরা যেভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টিকে টেনে নিয়ে গেছেন, তা সম্পূর্ণ অযৌক্তিক এবং সাধারণ আইনি নিয়মের পরিপন্থী। তাদের এই দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণেই আদালত এই কঠোর ও উচ্চতর আর্থিক দণ্ডের (Indemnity Costs) আদেশ দিয়েছেন।
এই রায়ের মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে যে, কোনো চ্যারিটি বা সামাজিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নিয়মতান্ত্রিক নির্বাচনকে ব্যক্তিগত স্বার্থে বাধাগ্রস্ত করার চেষ্টা আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ সেন্টারের বর্তমান ম্যানেজমেন্ট কাউন্সিল এই রায়কে সত্য ও ন্যায়ের জয় হিসেবে দেখছে এবং সেন্টারের সকল সদস্যদের প্রতি তাদের অবিচল সমর্থনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছে।
উল্লেখ্য, বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে আদালতে মামলার খরচ দাবী করা হলে আদালত এ রায় প্রদান করেন।























