ডিবি হেফাজতে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী
আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সঙ্গে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকেও ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে তাদের নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। পরে দুজনকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সংবাদমাধ্যম সমকালকে জানান, ডিবিসি কার্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ইকবাল সোবহান চৌধুরীসহ দুজনকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে ওই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির বিস্তারিত কারণ বা জিজ্ঞাসাবাদের বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য জানানো হয়নি।























