হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
বর্ণাঢ্য আয়োজন, আলোচনা সভা ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পন্ন হলো প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত এ কর্মসূচিতে আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্য বিএনপি ও যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী, বিভিন্ন শাখার নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে যুক্তরাজ্য বিএনপির সদস্যসচিব খসরুজ্জামান খসরু পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পল।
এ ছাড়া বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির অন্যতম সদস্য কামাল উদ্দিন, শহিদুল ইসলাম মামুন, মিজবাহ উদ্দিন সোহেল, দেওয়ান বাসিদ বাদশাহসহ যুক্তরাজ্য বিএনপি ও যুক্তরাজ্য যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শাখা ও আঞ্চলিক যুবদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ বছরের ঐতিহাসিক পথচলা, প্রতিষ্ঠার প্রেক্ষাপট, রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম এবং বিভিন্ন সময়ে সংগঠনের ভূমিকা তুলে ধরেন। তাঁরা বলেন, যুবসমাজ যেকোনো দেশের সামাজিক, রাজনৈতিক ও সাংগঠনিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যুবদলের নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা, সাংগঠনিক দক্ষতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
বক্তারা আরও বলেন, প্রবাসে থেকেও দেশের গণতান্ত্রিক আন্দোলন, রাজনৈতিক সচেতনতা এবং সাংগঠনিক কার্যক্রমে যুবদলের নেতাকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সভাপতির বক্তব্যে যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণকারী সব নেতাকর্মী, অতিথি ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সংগঠনের ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপি ও যুবদলের সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। প্রাণবন্ত আলোচনা, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাজ্য যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়।























