বাংলাদেশ সেন্টার লন্ডন-এর পার্মানেন্ট মেম্বার অধ্যাপক আবুল হাশেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ
বাংলাদেশ সেন্টার লন্ডন-এর পার্মানেন্ট মেম্বার, প্রবীণ কমিউনিটি নেতা, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রবাসী সংগঠক এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আবুল হাশেম আর নেই।
লন্ডনের কিংস কলেজ হাসপাতালে (King’s College Hospital) চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১২টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর এই প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সেন্টার লন্ডন।
আজ এক শোক বার্তায় বাংলাদেশ সেন্টার লন্ডন-এর সাধারণ সম্পাদক তফজ্জুল মিয়া মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় তফজ্জুল মিয়া বলেন, "অধ্যাপক আবুল হাশেম ছিলেন আমাদের কমিউনিটির এক উজ্জ্বল নক্ষত্র এবং বাংলাদেশ সেন্টার লন্ডন-এর একজন অত্যন্ত সম্মানিত পার্মানেন্ট মেম্বার। রাজনীতির পাশাপাশি প্রবাসীদের সামাজিক উন্নয়ন এবং এই সেন্টারের বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর আজীবন সক্রিয় অংশগ্রহণ ও অবদান আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করব।"
তিনি আরও উল্লেখ করেন, ১৯৬৮ সালে যুক্তরাজ্যে একজন প্রগতিশীল ছাত্র নেতা হিসেবে প্রবাসে তাঁর নেতৃত্ব ও সামাজিক কর্মকাণ্ডের সূচনা হয়।
পরবর্তীতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে প্রবাসের মাটিতে জনমত গঠন ও তহবিল সংগ্রহে তিনি অনন্য ও অবিস্মরণীয় ভূমিকা পালন করেছিলেন। তাঁর মতো একজন অভিজ্ঞ, দূরদর্শী ও নিবেদিতপ্রাণ প্রবীণ নেতাকে হারিয়ে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা আজ গভীরভাবে শোকাহত।
বাংলাদেশ সেন্টার লন্ডন-এর কাউন্সিল অব ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হচ্ছে।
আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য দান করেন।























