রোববার , ১১ অক্টোবর ২০২৬
Sunday , 11 October 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৮, ১১ অক্টোবর ২০২৬

বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬: ‘রেস্টুরেন্ট অব দ্য ইয়ার’ চূড়ান্ত বিচারপর্বে ৪৮ রেস্টুরেন্ট

বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬: ‘রেস্টুরেন্ট অব দ্য ইয়ার’ চূড়ান্ত বিচারপর্বে ৪৮ রেস্টুরেন্ট

যুক্তরাজ্যের বাংলাদেশি ক্যাটারিং ও হসপিটালিটি খাতের অন্যতম আয়োজন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) অ্যাওয়ার্ডস ২০২৬-এর ‘রেস্টুরেন্ট অব দ্য ইয়ার’ বিভাগে শুরু হয়েছে চূড়ান্ত বিচারপর্ব। যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শত শত আবেদন জমা পড়ার পর ১২টি অঞ্চলের ৪৮টি রেস্টুরেন্টকে বাছাই করা হয়েছে এই পর্বের জন্য।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রমফোর্ডের ২৯০ নর্থ স্ট্রিটে অবস্থিত নেইজেন রেস্টুরেন্টে নির্বাচিত রেস্টুরেন্টগুলোর মূল্যায়ন করেন বিচারকরা। খাবারের মান, সেবার দক্ষতা, আতিথেয়তা, খাবার পরিবেশনের উপস্থাপনা, ধারাবাহিকতা, নতুনত্ব এবং সামগ্রিক গ্রাহক অভিজ্ঞতাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে নম্বর দেওয়া হচ্ছে।

বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে ১২টি অঞ্চলের প্রতিনিধিত্বকারী সেরা ১২টি রেস্টুরেন্ট নির্বাচন করা হবে। নির্বাচিত রেস্টুরেন্টগুলোকে আগামী ১ নভেম্বর লন্ডনের পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেলে অনুষ্ঠিতব্য বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে স্বীকৃতি দেওয়া হবে।

বিসিএ প্রেসিডেন্ট অলি খান এমবিই বলেন, এ বছর ‘রেস্টুরেন্ট অব দ্য ইয়ার’ বিভাগে ব্যাপক সাড়া পাওয়া গেছে। যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আসা শত শত আবেদনের মধ্য থেকে ৪৮টি রেস্টুরেন্ট নির্বাচন দেশটির ক্যাটারিং শিল্পের মান, বৈচিত্র্য ও পেশাদারত্বের প্রতিফলন। খাবার, সেবা ও আতিথেয়তায় উৎকর্ষ দেখানো প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়ার সুযোগ তৈরি করেছে এই আয়োজন।

বিসিএ অ্যাওয়ার্ডসের আহ্বায়ক আতিক রহমান বিএম বলেন, এ বছর আবেদনগুলোর মান অত্যন্ত উঁচু হওয়ায় শত শত প্রতিষ্ঠান থেকে ৪৮টি রেস্টুরেন্ট নির্বাচন করা ছিল চ্যালেঞ্জিং। বিচারকদের নিরপেক্ষ ও কঠোর মূল্যায়নের মাধ্যমে চূড়ান্ত ১২টি রেস্টুরেন্ট নির্ধারণ করা হবে।

এবারের বিসিএ অ্যাওয়ার্ডসের মূল প্রতিপাদ্য— ‘Honouring Today’s Achievements, Inspiring Tomorrow’s Success’, যার অর্থ ‘আজকের অর্জনকে সম্মান, আগামীর সাফল্যে অনুপ্রেরণা’। আতিথেয়তা শিল্পে কর্মরত পেশাজীবীদের অর্জন উদ্‌যাপনের পাশাপাশি নতুন প্রজন্মকে এই খাতে এগিয়ে আসতে উৎসাহিত করাই এ প্রতিপাদ্যের লক্ষ্য।

এ বছরের বিচারক প্যানেলে রয়েছেন কোবরা বিয়ারের স্যামসন সোহেল, কিংফিশার বিয়ারের সন্দীপ দেওয়ান, এনটিভি ইউরোপের প্রধান নির্বাহী সুবরিনা হোসেন, এটিএন বাংলা ইউকের প্রধান নির্বাহী হাফিজ আলম বক্স এবং বিসিএর সাবেক সভাপতি এম এম কামাল ইয়াকুব।

অনুষ্ঠান আয়োজন ও ব্যবস্থাপনায় বিসিএর সংশ্লিষ্ট দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন সাধারণ সম্পাদক টিপু রহমান, প্রধান কোষাধ্যক্ষ এম ফয়জুল হক এবং ‘রেস্টুরেন্ট অব দ্য ইয়ার’ বিভাগের প্রধান আবদুল সুফান। এ ছাড়া সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত রয়েছেন জামাল উদ্দিন মোকাদ্দস, নাজ ইসলাম ও ফরহাদ টিপু।

বিসিএর আয়োজনে এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্তরাজ্যের হসপিটালিটি ও রেস্টুরেন্ট খাতের উদ্যোক্তা, শেফ, পেশাজীবী, কমিউনিটি প্রতিনিধি এবং অতিথিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

আলোচিত খবর

আরও পরুন: