লন্ডনে সরোয়ার আলমগীর এমপিকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা
প্রবাসীদের ঐক্য, ফটিকছড়ির উন্নয়ন ও দেশের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে আলোচনা
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর এমপির লন্ডন সফর উপলক্ষে যুক্তরাজ্যে বসবাসরত ফটিকছড়িবাসীর উদ্যোগে এক গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি কমিউনিটি ইউকের উদ্যোগে লন্ডনের একটি হলে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত ফটিকছড়ির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ফটিকছড়ির উন্নয়ন, প্রবাসীদের পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য, দেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক আরও জোরদার করা এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
ফটিকছড়ি কমিউনিটি ইউকের সেক্রেটারি শেখ নাসির ও জয়েন্ট সেক্রেটারি সরওয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সলিসিটর জাগীর আলম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সংগঠনের সহসভাপতি আজমল করিম জুয়েল। পরে ফটিকছড়ি কমিউনিটি ইউকের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি আখতারুন আলম।
স্বাগত বক্তব্যে আখতারুন আলম যুক্তরাজ্যে বসবাসরত ফটিকছড়ির প্রবাসীদের পারস্পরিক সম্পর্ক ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের মানুষের সঙ্গে প্রবাসীদের যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানো এবং ফটিকছড়ির উন্নয়ন ও কল্যাণে প্রবাসীদের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রবাসীদের সমস্যায় সহযোগিতার আশ্বাস
সংবর্ধিত অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসীরা বাংলাদেশের জন্য অনন্য অবদান রেখেছেন। স্বাধীনতার পরও দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, প্রবাসীরা দেশের বাইরে থেকেও দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নে নানাভাবে অবদান রাখছেন। তাদের সঙ্গে দেশের মানুষের সম্পর্ক আরও গভীর ও কার্যকর করা প্রয়োজন।
প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়ে সরোয়ার আলমগীর এমপি বলেন, বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি এবং দেশে জমিজমা সংক্রান্ত বিভিন্ন সমস্যার বিষয়ে তিনি সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবেন। প্রবাসীরা যাতে দেশে গিয়ে হয়রানি বা বিড়ম্বনার শিকার না হন, সে বিষয়ে কার্যকর ভূমিকা রাখারও আশ্বাস দেন তিনি।
বিশেষ অতিথিদের বক্তব্য
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ইউকের সাবেক চেয়ারপার্সন নাজিম উদ্দিন, গ্রেটার চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ইসহাক এবং জেইন গ্লোবালের ডাইরেক্টর সাজ্জাদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে ফটিকছড়ি কমিউনিটি ইউকের নেতৃবৃন্দের পাশাপাশি যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সন্তান সাইফ হোসেন তানবির, ফটিকছড়ি কমিউনিটি ইউকের সহসভাপতি আলী রেজা, ট্রেজারার এমদাদ হোসেন, সৈয়দ রাসেল, ওয়াহিদ পারভেজ, জয়নাল আবেদীন, মীরা বড়ুয়া, মোহাম্মদ আলম, আলতাফ চৌধুরী, সাইফুল আজম, ইয়াসিন আলতাফ, নিগাত সুলতানা, ব্যারিস্টার ইকবাল আলম, ড. আব্দুল আজিম শাহ, কোরবান আলী, বখতিয়ার উদ্দিন, দীল মোহাম্মদ, শাহীন চৌধুরী, মনির মাহমুদ, সুজন বড়ুয়া, ওসমান ফয়সাল, সেলিম হোসেন, শওকত আকবর, মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে ফটিকছড়ির সার্বিক উন্নয়ন, এলাকার মানুষের কল্যাণে প্রবাসীদের ভূমিকা এবং দেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, যুক্তরাজ্যে বসবাসরত ফটিকছড়ির প্রবাসীরা দীর্ঘদিন ধরে নিজ এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে আসছেন। ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে ফটিকছড়ির উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বক্তারা আরও বলেন, প্রবাসী ও দেশের মানুষের মধ্যে নিয়মিত মতবিনিময় ও যোগাযোগ থাকলে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। একই সঙ্গে প্রবাসীদের অভিজ্ঞতা, দক্ষতা ও সহযোগিতাকে কাজে লাগিয়ে ফটিকছড়ির শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে আগত অতিথিরা সংসদ সদস্য সরোয়ার আলমগীরের লন্ডন সফরকে স্বাগত জানান এবং ফটিকছড়ির উন্নয়ন ও প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর সহযোগিতা কামনা করেন।
শেষে ফটিকছড়ি কমিউনিটি ইউকের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ফটিকছড়িবাসীসহ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।























