যুক্তরাজ্যে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো নোয়াখালী উৎসব
অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো যুক্তরাজ্যে বসবাসরত নোয়াখালীবাসীর বহুল প্রতীক্ষিত ‘নোয়াখালী উৎসব’। গত রোববার পূর্ব লন্ডনের অভিজাত রয়েল রিজেন্সি ব্যাংকুয়েটিং হলে আয়োজিত এ উৎসব পরিণত হয় নোয়াখালীবাসীসহ প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায়। বাঙালির ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির মেলবন্ধনে উৎসবজুড়ে বিরাজ করে প্রাণবন্ত পরিবেশ।
ইউরোপের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইওন টিভির সার্বিক সহযোগিতায় আয়োজিত এ উৎসবে নোয়াখালীবাসীসহ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের সামাজিক নিরাপত্তা ও প্রতিবন্ধীবিষয়ক মন্ত্রী স্যার স্টিফেন টিমস এমপি, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন, লন্ডন বারা অব নিউহ্যামের নির্বাহী মেয়র ফরহাদ হোসাইন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রধান উপদেষ্টা সগীর বকত ফারুক, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অলি খান এমবিই, লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদ, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট রফিক হায়দার খান, সংগঠনটির নির্বাচিত ট্রেজারার এ কে আজাদ এবং ইউকে বাংলাদেশ ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হেলাল উদ্দিন খানসহ কমিউনিটির আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
প্রবাসের মাটিতে নোয়াখালীর ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদার করার প্রত্যয়ে আয়োজিত এ উৎসব ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
নোয়াখালীর মানুষের ঐক্য, সম্প্রীতি ও শেকড়ের প্রতি ভালোবাসার প্রতিফলন ঘটিয়ে উৎসবটি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।























