পূর্ব লন্ডনে সীতাকুণ্ড সমিতি ইউকের শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত
প্রবাসে বাঙালির লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি দেশীয় খাবারের সঙ্গে তাদের পরিচিত করানোর লক্ষ্যে পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হয়েছে সীতাকুণ্ড সমিতি ইউকের শীতকালীন পিঠা উৎসব।
গত ২২ নভেম্বর, রবিবার, পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি মিলনায়তনে আয়োজিত এ উৎসবে প্রায় ৪০ ধরনের দেশীয় পিঠা ও নানা রকম মিষ্টান্ন প্রদর্শন ও পরিবেশন করা হয়। প্রবাসী সীতাকুণ্ডবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
পবিত্র কোরআন তেলাওয়াত এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
সীতাকুণ্ড সমিতি ইউকের সভাপতি মোহাম্মদ সেলিম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. রায়হান উদ্দিন চৌধুরী টিটু। অনুষ্ঠানের শুরুতে সভাপতি সেলিম হোসাইন স্বাগত বক্তব্য দেন এবং উপস্থিত অতিথিদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে সীতাকুণ্ডের সাবেক পৌর মেয়র বদিউল আলম এ ধরনের ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজনের প্রশংসা করেন। এ সময় তিনি শিশুদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
দুপুরের খাবারের পর শুরু হয় ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ও পরিবেশন পর্ব। এতে স্থান পায় প্রায় ৪০ ধরনের বাহারি দেশীয় পিঠা ও মিষ্টান্ন। বিভিন্ন পিঠার পরিচিতি ও ঐতিহ্য তুলে ধরেন সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম হোসাইন।
অনুষ্ঠানে সীতাকুণ্ড সমিতি ইউকের ট্রাস্টি, উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক ভূঁইয়া, চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলী, অভিজিৎ ধর বাপ্পি, ফজলুল কাদের চৌধুরী, রুহুল আমীন ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর।
পিঠা উৎসব সফল করতে সার্বিক সহযোগিতা ও দায়িত্ব পালন করেন আলীম উল্লাহ রাহাত, সাইদুর রহমান মঞ্জু, ইফতেকার আসিফ, হাসান আলী ভূঁইয়া, জামাল উদ্দিন টুটুল, আব্দুল হক রাশেদ, সেলিম সারওয়ার, মাসুম সমজাত, মোহাম্মদ আলমগীর, জগলুল হায়াৎ চৌধুরী, মুক্তার হোসেন মানিক, কাজল, রাকিব, টিপু, লিমা, মামুন, মুজিব, মিল্লাদ, প্রসেনজিৎ, শায়েস্তা খান, মুন্না ও বাবরসহ সমিতির অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা।
অনুষ্ঠানের শেষ পর্বে সীতাকুণ্ডবাসীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রবাসে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতির এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ প্রবাসে বাংলাদেশের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গে দেশের শেকড়ের বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।























