রাষ্ট্র সংস্কারে বিএনপির অনীহা, রাষ্ট্রপতি পদে অলি আহমদকে প্রার্থী করল ১১ দলীয় জোট
রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে ক্ষমতাসীন বিএনপির অনীহার কারণেই আলাদাভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে অলি আহমদকে প্রার্থী করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সনদ ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে বিএনপির কোনো আগ্রহ দেখা যায়নি। তারা বরং আগের সরকারগুলোর প্রচলিত রাজনৈতিক পথেই এগোচ্ছে।
তিনি বলেন, ১১ দলীয় জোট আশা করেছিল, জুলাই সনদের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু ক্ষমতাসীন দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
নাহিদ ইসলাম আরও বলেন, বিএনপি যদি রাষ্ট্র সংস্কারের পথে এগিয়ে আসত, তাহলে সরকারি ও বিরোধী দল মিলে রাষ্ট্রপতি পদে একজন অভিন্ন প্রার্থী দিতে পারত। কিন্তু বিএনপি সেই পথ অনুসরণ না করায় ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে অলি আহমদকে আলাদা প্রার্থী করা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। রোববার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট এবং প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি পদে কোনো প্রার্থীকে মনোনয়ন দিতে একজন সংসদ সদস্যের প্রস্তাব এবং আরেকজন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন।
জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। এর আগে জামায়াতে ইসলামী জানিয়েছিল, সংসদে সংখ্যাগরিষ্ঠতার বাস্তবতায় তারা রাষ্ট্রপতি পদে প্রার্থী দেবে না।
তবে রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক অবস্থান নিয়ে মতপার্থক্যের কারণে শেষ মুহূর্তে অবস্থান পরিবর্তন করে ১১ দলীয় জোট অলি আহমদকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে।























