নর্থ ওয়েলসের বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ সুলতান আর নেই
নর্থ ওয়েলসের বাংগর সিটি কাউন্সিলের লিবারেল ডেমোক্র্যাট (লিবডেম) দলের ভাইস চেয়ারম্যান, সাবেক কাউন্সিলর এবং ২০১৫ সালের ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে এমপি পদপ্রার্থী মোহাম্মদ সুলতান আর নেই।
আজ বুধবার সকাল ১১টা ৫ মিনিটে নর্থ ওয়েলসের বাংগরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।
মোহাম্মদ সুলতান ছিলেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের মোকামদোয়ার গ্রামের মরহুম আব্দুর রহমানের দ্বিতীয় ছেলে। তিনি আব্দুর রহমান সুলতান ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন।
প্রবাসে তিনি একজন সুপরিচিত কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজসেবী হিসেবে পরিচিত ছিলেন। তিনি গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিলের নর্থ রিজিওনের উপদেষ্টা সদস্য এবং বাংগর বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, সিলেট-এর ইউকে কমিটির ফাউন্ডার পার্মানেন্ট ডোনার মেম্বার এবং সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও-টিভি ও পিস হোম-এর ফাউন্ডার পেট্রন হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
ব্যবসায়িক জীবনেও তিনি সফল ছিলেন। ১৯৯০ সালে চাচাতো ভাই মোহাম্মদ সুলেমানের সঙ্গে নর্থ ওয়েলসের বাংগর শহরের স্বনামধন্য ‘মহাভারত’ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ছিলেন। পাশাপাশি নর্থ ওয়েলসের পোর্টম্যাডগসহ আরও কয়েকটি রেস্টুরেন্টের অংশীদার হিসেবে যুক্ত ছিলেন। ব্রিটেনের ক্যাটারিং শিল্পে তাঁর অবদান কমিউনিটিতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।
মিছবাহ জামাল পরিবারের পক্ষ থেকে মরহুম মোহাম্মদ সুলতানের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।























